লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে দায়িত্ব পালনরত দুই নির্বাচন কর্মকর্তা ভোটকেন্দ্র রেখে রাতে স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে যাওয়ার অভিযোগে আটক হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতের এ ঘটনায় তাদের চন্দ্রগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
আটকরা হলেন নলঠগি মদিনাতুল উলুম ইসলামীয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার এম এ ওসমানি ও পোলিং অফিসার মো. ইকবাল হোসেন। এম এ ওসমানি গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ইকবাল হোসেন দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের আটক করা হয়েছে এবং তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করেন। অভিযোগ রয়েছে, তারা ভোটকেন্দ্রে দায়িত্ব পালনরত অবস্থায় কেন্দ্র ত্যাগ করে স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে যান।
এ ঘটনায় নির্বাচন সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দায়িত্বে অবহেলা বা আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াতের প্রার্থী রেজাউল করিমসহ মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল লড়াই বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/বাবি