| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাতে জামায়াত নেতারা ভোটকেন্দ্রে, চাটমোহরে প্রিসাইডিং অফিসার প্রত্যাহার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ০৩:৩৪:৪০:পূর্বাহ্ন  |  ৭১৯০২৭ বার পঠিত
রাতে জামায়াত নেতারা ভোটকেন্দ্রে, চাটমোহরে প্রিসাইডিং অফিসার প্রত্যাহার

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলায় রাতে কয়েকজন জামায়াত নেতার ভোটকেন্দ্রে প্রবেশের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত এক প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন ওঠে।

প্রত্যাহার হওয়া প্রিসাইডিং অফিসার মো. রুহুল আমিন নিমাইচড়া ইউনিয়নের সমাজ আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন। তিনি চাটমোহর উপজেলা খাদ্য বিভাগে খাদ্য পরিদর্শক পদে কর্মরত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ছাত্রশিবির পাবনা জেলা কমিটির সাবেক সভাপতি আসাদুজ্জামান (জামান), বলজপুর গ্রামের মোখলেছুর রহমানসহ আরও কয়েকজন জামায়াত নেতা উক্ত ভোটকেন্দ্রে গিয়ে প্রিসাইডিং অফিসার রুহুল আমিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা এজেন্টদের কাগজপত্র হস্তান্তর করেন বলে অভিযোগ রয়েছে।

অন্য প্রার্থীর কর্মী-সমর্থকরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে এলাকায় খবর ছড়িয়ে দেন। এতে স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি হয়। নির্বাচন-পূর্ব রাতে ভোটকেন্দ্রে রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে এবং বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়।

ঘটনার পর সহকারী রিটার্নিং অফিসার ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করেন। পরে পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ মোস্তফার নির্দেশে প্রিসাইডিং অফিসার মো. রুহুল আমিনকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়। তার স্থলে দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে যেকোনো অনিয়ম বা বিতর্কিত ঘটনার ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিরপেক্ষতা নিশ্চিত করতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪