| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন মন্ত্রিসভা না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকছেন উপদেষ্টারা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ১৯:৪১:৪৭:অপরাহ্ন  |  ৭৩৫৯৮৭ বার পঠিত
নতুন মন্ত্রিসভা না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকছেন উপদেষ্টারা
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত উপদেষ্টারা নিয়মিত দায়িত্ব পালন করবেন। নির্বাচন উপলক্ষে সরকারি ও সাপ্তাহিক ছুটি শেষে আগামী ১৫ ফেব্রুয়ারি সচিবালয়ে অফিস করবেন অধিকাংশ উপদেষ্টা। তবে এ সময় তারা গুরুত্বপূর্ণ কোনো বৈঠক করবেন না এবং নতুন কোনো ফাইলে সইও করবেন না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উপদেষ্টা সংশ্লিষ্ট সূত্র জানায়, সংবিধানের ৫৭ (৩) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর উত্তরসূরি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি পদে বহাল থাকতে পারেন। একইভাবে ৫৮ (৪) অনুচ্ছেদে বলা হয়েছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের উত্তরাধিকারীরা দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তারা নিজ নিজ পদে বহাল থাকবেন। এই সাংবিধানিক বিধান অনুসারেই উপদেষ্টারা দায়িত্বে বহাল থাকবেন।

কেবিনেট ডিভিশন সূত্রে জানা গেছে, আগামী ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে। এরপর ১৭ বা ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ হওয়ার সম্ভাবনা রয়েছে।

নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালনে কোনো বাধা নেই। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও এ বিষয়ে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তিনি বলেন, আমরা শেষ সময় পর্যন্ত কাজ চালিয়ে যাবো।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের দফতর সূত্রে জানা গেছে, তিনি ১৫ ফেব্রুয়ারি সচিবালয়ে উপস্থিত থাকবেন। তবে জমে থাকা উল্লেখযোগ্য কোনো ফাইল বা কাজ নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অন্যদিকে জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান নির্বাচনের পর নৈতিক বিবেচনায় নির্বাহী ক্ষমতা প্রয়োগ থেকে বিরত থাকার কথা জানিয়েছেন। মঙ্গলবার অফিস শেষে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, আইন অনুযায়ী নতুন মন্ত্রিসভার শপথ পর্যন্ত তিনি পদে বহাল থাকবেন, তবে নির্বাচনের পর নির্বাহী ক্ষমতা ব্যবহার করবেন না।

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, তিনি সচিবালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন এবং সরকারি বাসভবন থেকেই অফিস পরিচালনা করবেন। প্রয়োজন হলে কর্মকর্তারা সেখানে ফাইল নিয়ে যাবেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম জানিয়েছেন, নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত আইনগতভাবে দায়িত্ব পালনে কোনো বাধা নেই এবং তিনি রবিবার সচিবালয়ে অফিস করবেন।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার মঙ্গলবার মন্ত্রণালয় থেকে বিদায় নিয়েছেন। তবে রবিবার তিনি সচিবালয়ে আসবেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদও মঙ্গলবার শেষ অফিস করেছেন। তার দফতরের প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান জানান, রবিবার তিনি সচিবালয়ে আসবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনে কোনো বাধা নেই।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪