খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার ১২টি ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। ১১ ফেব্রুয়ারি দুপুরের পর থেকে একের পর এক জিপ গাড়ি ছেড়ে যায় গন্তব্যে। এর আগে গত সোমবার দুর্গম দুটি ভোটকেন্দ্র—লক্ষ্মীছড়ি ইউনিয়নের শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এবং বর্মাছড়ি ইউনিয়নের ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে—হেলিকপ্টারে করে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়।
এদিকে নির্বাচনী কাজে দায়িত্বে নিয়োজিত আনসার-ভিডিপি ও পুলিশ সদস্যদের সঙ্গে এক ব্রিফিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রিসাইডিং অফিসার ও লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাউছার হামিদ, মানিকছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অসীম শাহা, লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম সোহাগ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলতাফ হোসেন প্রমুখ।
সহকারী প্রিসাইডিং অফিসার ও লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাউছার হামিদ বলেন, লক্ষ্মীছড়ির দুর্গম দুটি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম হেলিকপ্টারে পাঠানো হয়েছে। এছাড়াও যেসব কেন্দ্রে গাড়ি যোগাযোগ রয়েছে, সেসব কেন্দ্রে বুধবার দুপুর থেকেই ব্যালট বাক্স, ব্যালট পেপার, প্রিসাইডিং অফিসারসহ যাবতীয় সরঞ্জাম পাঠানো হয়েছে। সন্ধ্যার মধ্যেই সকল ভোটকেন্দ্রে সংশ্লিষ্টরা পৌঁছে যাবেন। প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার ও ৪ জন পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়াও ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী কাজে দায়িত্ব পালন করবেন।
এছাড়াও বিজিবির ৩টি টিম ও সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে জানা গেছে। নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে জানান ইউএনও।
রিপোর্টার্স২৪/এসএন