সিনিয়র রিপোর্টার: কুমিল্লার মুরাদনগর উপজেলায় নগদ ২ লাখ টাকাসহ জামায়াতে ইসলামীর নেতা মাওলানা হাবীবুর রহমান হেলালীকে আটক করেছে স্থানীয়রা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিয়ে যায়।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হেলালী উপজেলার ধামগড় থেকে ছালিয়াকান্দি এলাকায় আসার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ির পেছনে রাখা একটি বাজারের ব্যাগে পাতলা কম্বল দিয়ে ঢাকা অবস্থায় ১ হাজার টাকা নোটের দুই বান্ডিল পাওয়া যায়।
আটক হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক ছিলেন। ইউএনও জানান, টাকা বিলি করার সময় হাতেনাতে ধরা না পড়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মতিন জানান, এ বিষয়টি তিনি এখনও শুনেছেন এবং পরে বিস্তারিত জানাবেন।
রিপোর্টার্স২৪/এসসি