| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘হাতপাখায় ভোট দেবো’ বলায় দুই পা ভেঙ্গে দেয়ার অভিযোগ, পুলিশ বলছে দুর্ঘটনা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ১২:১৫:৪৬:অপরাহ্ন  |  ৭৫২২৫৪ বার পঠিত
‘হাতপাখায় ভোট দেবো’ বলায়  দুই পা ভেঙ্গে দেয়ার  অভিযোগ, পুলিশ বলছে দুর্ঘটনা

বরগুনা প্রতিনিধি: বরগুনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক সমর্থকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। তবে পুলিশ বলছে, ঘটনাটি হামলা নয়; সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ওই ব্যক্তি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পহলান বাড়ি কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি সদর উপজেলার লেমুয়া গ্রামের মো. আজিজ আকনের ছেলে মো. জালাল আকন (৪৫)। তিনি পেশায় দিনমজুর।

বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী ও কেওড়াবুনিয়া দরবারের পীর মো. মাহমুদুল হাসান অলি উল্লাহ অভিযোগ করেন, জালাল আকন দিনমজুরের কাজ শেষে বাড়ি ফিরছিলেন।

পথে কিছু দুর্বৃত্ত তার পথরোধ করে তাকে জিজ্ঞেস করে তিনি কাকে ভোট দেবেন। এ সময় তিনি হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার কথা বললে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে এবং একপর্যায়ে লোহার শাবল দিয়ে তার দুই পা পিটিয়ে ভেঙে দেয়।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে বরগুনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর আহতকে হাসপাতালে দেখতে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা জেলা শাখার সভাপতি মিজানুর রহমান কাসেমী। তিনি সাংবাদিকদের জানান, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে বুধবার বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন, এটি কোনো হামলার ঘটনা নয়; বরং সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তি আহত হয়েছেন। তবে আহত ব্যক্তির সঙ্গে কথা বলতে পারলে প্রকৃত ঘটনা জানা যাবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪