পটুয়াখালী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে পটুয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ের একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দুমকি উপজেলার পাংগাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের একটি কক্ষে দুর্বৃত্তরা আগুন দেয়। কেন্দ্রটি পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর-দুমকি-মির্জাগঞ্জ) আসনের মধ্যে অবস্থিত।
স্থানীয়রা জানান, আগুন দেওয়ার সময় স্কুলে দায়িত্বে থাকা দুজন গ্রাম পুলিশ এবং একজন নৈশপ্রহরী ছিল না। তারা নামাজে ও খাবারের জন্য বাড়িতে গিয়েছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা স্কুলের একটি কক্ষে আগুন ধরিয়ে দেয়। আগুনে কক্ষের বেঞ্চ, বেড়া ও পুরোনো টায়ারের কিছু অংশ পুড়ে যায়। তবে কোনো ভোটার বা শিক্ষকের কোনও আঘাত হয়নি এবং বড় ধরনের ক্ষতি হয়নি।
পাংগাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুল হক জানান, স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, আগুন দেওয়ার কারণ বা এতে কারা জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
দুমকি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এখন আমরা ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছি। কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা ও প্রহরীদের অনুপস্থিতির বিষয়ও তদন্তের অংশ।
এ ঘটনায় ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনের সতর্কতার বিষয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা আশা করছেন, প্রশাসন দ্রুত এই ধরনের ঘটনা প্রতিরোধ এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করবে। নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করার জন্য স্থানীয় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে।