| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লুট হওয়া ২ হাজার ৩৩০টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি: আইজিপি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ২৩:১৬:২২:অপরাহ্ন  |  ৭৪৭৯৯৬ বার পঠিত
লুট হওয়া ২ হাজার ৩৩০টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি: আইজিপি
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: জুলাই আন্দোলনের সময় লুট হওয়া মোট ২ হাজার ৩৩০টি অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এসব অস্ত্রের মধ্যে পুলিশের ১ হাজার ৩৩০টি এবং ব্যক্তিমালিকানাধীন এক হাজার অস্ত্র রয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আইজিপি বলেন, যেকোনো অস্ত্রই একটি বড় ধরনের হুমকি। জুলাই আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্রের মধ্যে এখনো পুলিশের ১ হাজার ৩৩০টি এবং ব্যক্তিগত এক হাজার অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। এর বাইরে বিভিন্নভাবে অবৈধ অস্ত্র দেশে প্রবেশ করে। তবে এসব ঝুঁকি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি ও ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে পুলিশ নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবে কি না এমন প্রশ্নের জবাবে বাহারুল আলম বলেন, আগামী ১৩ তারিখেই তা জানতে পারবেন।

তিনি আরও বলেন, রাস্তা অবরোধ করে আন্দোলন ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছে। আসন্ন নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে এবং এ বিষয়ে পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

পুলিশ সংস্কার প্রসঙ্গে আইজিপি বলেন, ২০০৬-০৭ সাল থেকেই আমরা চেয়ে আসছি, পুলিশ যেন কাজ করার সময় সরকার বা রাজনৈতিক দলের কোনো নির্দেশনার বাইরে থাকতে পারে বিশেষ করে মামলা তদন্ত ও পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে। কিন্তু এখনো সে স্বাধীনতা পুরোপুরি নিশ্চিত হয়নি।

তিনি বলেন, পুলিশ সংস্কার কমিশনে রাজনৈতিক প্রভাবমুক্ত পদোন্নতি ও পদায়নের বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। পুলিশের শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রেও কমিশনের সুপারিশ বাধ্যতামূলক করার দাবি জানানো হয়েছিল, তবে অধ্যাদেশে সেটি প্রতিফলিত হয়নি।

আইজিপি বলেন, কমিশন তিনজনের নাম সুপারিশ করবে এটা বলা হয়েছে, কিন্তু সেই সুপারিশ অনুসরণ বাধ্যতামূলক কি না, তা স্পষ্ট নয়। আমরা পুলিশের ভেতর থেকেই এ দাবি জানিয়ে আসছি। সবার সম্মিলিত দাবির মাধ্যমেই এখানে অগ্রসর হওয়া সম্ভব।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪