নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নির্বাচনপূর্ব নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ক্যামেরা চুরির বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কয়েকদিন আগে নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। সোমবার বিদ্যালয়ের কার্যক্রম শেষে শিক্ষকরা প্রতিষ্ঠান ত্যাগ করেন। পরদিন মঙ্গলবার সকালে বিদ্যালয়ে এসে তারা দেখতে পান, ভবনের সামনের অংশে স্থাপিত একটি সিসি ক্যামেরা নেই।
নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জলিলুর রহমান বলেন, ‘গতকাল বিদ্যালয় ছুটির পর নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠান বন্ধ করে আমরা সবাই চলে যাই। আজ সকালে এসে দেখি সামনে স্থাপিত একটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে।’
এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, ‘বিষয়টি আমরা অবগত হয়েছি। এখনো কাউকে শনাক্ত করা যায়নি, তবে জড়িতদের খুঁজে বের করতে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
রিপোর্টার্স২৪/ধ্রুব