মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে অনূর্ধ্ব–১৬ ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে উদ্বোধন করা হয়েছে অ্যাথলেটিক্স প্রশিক্ষণ কার্যক্রম।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে এ পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান।
অনূর্ধ্ব–১৬ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ভাষা শহীদ রফিক স্মৃতি ক্রিকেট একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সুমন ক্রিকেট একাডেমি।
এদিন উদ্বোধন হওয়া অ্যাথলেটিক্স প্রশিক্ষণে জেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে।
ফেরদৌসী আক্তার বন্যা বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতেই এই ধরনের প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
রিপোর্টার্স২৪/মিতু