ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় চাল ব্যবসায়ী সুসেন চন্দ্র সরকারকে কুপিয়ে হত্যা করে দোকান থেকে প্রায় ১৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের বগার বাজার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুসেন চন্দ্র সরকার (৬২) ত্রিশালের হরিরামপুর ইউনিয়নের সাউথকান্দা গ্রামের বাসিন্দা। তিনি মৃত শ্রী রাজবিহারী সরকারের ছোট ছেলে এবং দীর্ঘদিন ধরে বগার বাজার এলাকায় চালের ব্যবসা করে আসছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সোমবার রাতে ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থানকালে দুর্বৃত্তরা সুসেন চন্দ্র সরকারের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর দোকানে থাকা আনুমানিক ১৫ লাখ টাকা লুট করে দুর্বৃত্তরা দোকানের সাটার নামিয়ে পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা জানান, রাতে বাবার সঙ্গে যোগাযোগ করতে না পেরে বড় ছেলে সুজন দোকানে যান। সেখানে গিয়ে তিনি দোকানের সাটার নামানো অবস্থায় দেখতে পান, তবে তালা খোলা ছিল। সাটার খুলে ভেতরে ঢুকে তিনি বাবার রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় সুসেন চন্দ্র সরকারকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সরকার জুয়েল ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেছেন, নিহত সুসেন চন্দ্র সরকার হরিরামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটি রাজনৈতিক প্রতিহিংসাজনিত হত্যাকাণ্ড হতে পারে।
এদিকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার থাকলেও এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
নিহতের ভাই শ্রী মৃত্যুঞ্জয় সরকার বলেন, এর আগেও আমার ভাইয়ের দোকানে চুরির ঘটনা ঘটেছে। তারা টাকা নিলেই পারত, আমার ভাইকে কেন হত্যা করল,এ প্রশ্নের উত্তর আমরা চাই। তিনি নিহতের দুই ছেলে ও এক মেয়ের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ঘটনার পর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তদন্ত চলছে।
রিপোর্টার্স২৪/এসসি