ফরিদপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফরিদপুর অঞ্চলের ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সভায় উপস্থিত ছিলেন পাঁচ জেলায় দায়িত্বপ্রাপ্ত তিন বাহিনীর অধিনায়ক, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে সহিংসতা হলে দেখানো হবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তবে এবারের নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই। এবারের নির্বাচন অত্যন্ত উৎসবমুখর, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আগের নির্বাচনে যেসব সহিংসতা হয়েছে, এবারে আল্লাহর রহমতে এখন পর্যন্ত তেমন কিছু ঘটেনি এবং আশা করি সামনেও হবে না।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে সিনিয়র সচিবের উদ্যোগে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সশস্ত্র বাহিনী প্রতিটি ভোটকেন্দ্রের প্রাঙ্গণে দায়িত্ব পালন করবে। নির্বাচনের দিনে যদি কোনো ধরনের সহিংসতা ঘটে, তখনই বোঝা যাবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফরিদপুর অঞ্চলের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও ড্রোন ব্যবস্থার আয়োজন করা হয়েছে। যেসব কেন্দ্রে বাউন্ডারি নেই, সেখানে বাঁশ দিয়ে ঘেরার ব্যবস্থা করা হয়েছে।
সভা শেষে গণমাধ্যমের সাথে নির্বাচন প্রসঙ্গে কথা বলার সময় তিনি বলেন, এখন পযন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল, নির্বাচন শান্তিপূর্ণ হবে। ইতিহাসে এতো আইশৃঙ্খলা বাহিনীর সদস্য কোন নির্বাচনে ব্যবহার হয়নি। এবারের নির্বাচন যে কোন সময়ের চেয়ে সুষ্ঠুভাবে হচ্ছে। আমি সকলের কাছে দোয়া চাই।
সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণি, বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, এছাড়া সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও কোস্ট গার্ডের সদর দপ্তরের কর্মকর্তা এবং বৃহত্তর ফরিদপুর অঞ্চলের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য কর্মকর্তারা।
রিপোর্টার্স২৪/ঝুম