রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান কার্যক্রম ব্যাপক সাড়া ফেলেছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের মধ্যে ইতোমধ্যে ৫ লাখ ১২ হাজার ৯১৬ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত সর্বশেষ তথ্য জানান প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান। তিনি বলেন, আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত প্রবাসী ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ২৩৩ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং সেই গ্রহণকারীদের বড় অংশ অর্থাৎ ৫ লাখ ১২ হাজার ৯১৬ জন ইতোমধ্যে ভোট প্রদান করেছেন। পাশাপাশি ৫ লাখ ২ হাজার ৪৮৭ জন ভোটার নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগের মাধ্যমে ব্যালট জমা দিয়েছেন।
পোস্টাল ব্যালট ফেরত আসার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এখন পর্যন্ত ৪ লাখ ৭১ হাজার ৯৫৭টি ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে, যার মধ্যে ৪ লাখ ১৯ হাজার ৯১৯টি ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের জন্যও পোস্টাল ব্যালট কার্যক্রম চালু করেছে নির্বাচন কমিশন। আইসিপিভি পদ্ধতির আওতায় এখন পর্যন্ত দেশের ভেতরে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।
ইসির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ৫ লাখ ৮০ হাজার ৮৪১ জন অভ্যন্তরীণ ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এদের মধ্যে ৫ লাখ ৩৪ হাজার ৩৭৬ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন এবং ৫ লাখ ৪০৮ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ৩ লাখ ১০ হাজার ১৫৪টি পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সালীম আহমাদ খান আরও জানান, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন যা পোস্টাল ভোট ব্যবস্থার ইতিহাসে একটি উল্লেখযোগ্য সংখ্যা।
রিপোর্টার্স২৪/ঝুম