রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের ২৯৯টি আসনে সব ব্যালট পেপার পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ভোট গ্রহণ শেষে ফল প্রকাশে দীর্ঘ সময় লাগবে না।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিকদের জন্য স্থাপিত মিডিয়া সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, রক্তস্নাত জুলাই আন্দোলনের অন্যতম অঙ্গীকার ছিল একটি সুষ্ঠু নির্বাচন। তিনি স্বীকার করেন, ভোটার তালিকা শতভাগ শুদ্ধভাবে যাচাই-বাছাই করা সম্ভব হয়নি। তবে তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করতে আইন সংশোধন করা হয়েছে এবং ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি বলেন, ২৯৯টি আসনে সব ব্যালট পেপার পাঠানো সম্পন্ন হয়েছে এবং ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ। উৎসবমুখর পরিবেশে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দেবেন বলে নির্বাচন কমিশন আশাবাদী।
সাংবাদিকদের উদ্দেশে আখতার আহমেদ বলেন, সাংবাদিকেরা যেন সঠিক তথ্য ব্যবহার করেন এবং কোনো ধরনের অপতথ্য প্রচার না হয় সে বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখেন। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের অপেক্ষায় রয়েছে এবং এই প্রক্রিয়ায় সবার দায়িত্বশীল হওয়া জরুরি।
তিনি আরও বলেন, বিদেশি সংবাদকর্মীদের দায়িত্ব পালনের সুবিধার্থেই এই মিডিয়া সেন্টার স্থাপন করা হয়েছে।
ভোট গণনা প্রসঙ্গে ইসি সচিব জানান, পোস্টাল ভোটের দায়িত্ব থাকবে রিটার্নিং কর্মকর্তাদের ওপর। পোস্টাল ব্যালট গণনায় কিছুটা সময় বেশি লাগতে পারে। তবে সব কেন্দ্রের ভোট ও ব্যালট গণনায় যে সময় লাগবে, সেটুকু সময় দিয়েই ফলাফল প্রকাশ করা হবে।
রিপোর্টার্স২৪/ঝুম