ঝিনাইদহ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে সামনে রেখে ঝিনাইদহ জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মঙ্গলবার সকালে র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের উদ্যোগে বিশেষ টহল ও নিরাপত্তা মহড়া পরিচালনা করা হয়।
সকালবেলায় র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের সামনে থেকে এই বিশেষ টহল শুরু হয়। পরে তা কেন্দ্রীয় বাস টার্মিনাল, পোস্ট অফিস মোড়, পায়রা চত্বরসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। টহলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে চাকলাপাড়া ঘুরে পুনরায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শেষ হয়।
মহড়ায় অংশ নেওয়া র্যাব সদস্যরা আধুনিক অস্ত্র, টহল যান ও দ্রুত প্রতিক্রিয়া ইউনিটের মাধ্যমে তল্লাশি, নজরদারি এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল প্রদর্শন করেন। এ সময় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয় এবং সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
র্যাব সূত্র জানায়, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো ধরনের নাশকতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিহত করতেই এই বিশেষ মহড়া ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নির্বাচনের আগের দিন থেকে শুরু করে ভোট গ্রহণ ও পরবর্তী সময় পর্যন্ত এ ধরনের নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার থাকবে।
র্যাব আরও জানায়, ঝিনাইদহ জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকা, ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
স্থানীয় সাধারণ মানুষ র্যাবের এই তৎপরতায় স্বস্তি প্রকাশ করে বলেন, নির্বাচন ঘিরে এমন দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা ভোটারদের মনে আস্থা ও সাহস যোগাবে।
রিপোর্টার্স২৪/ঝুম