বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানার কায়বা সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি ও ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে কায়বা বিওপি’র একটি টহল দল কায়বা গ্রামস্থ দাদখালী নামক স্থানে পাকা রাস্তার পার্শ্বে গোপনীয়তার সঙ্গে অবস্থান নেয়। এ সময় ভারত হতে ইছামতি নদী পার হয়ে কায়বা অভিমুখে একজন ব্যক্তিকে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী হলে তাকে থামতে বলে। উক্ত ব্যক্তি না থেমে তার সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে ইছামতি নদীতে ঝাঁপ দেয় এবং নদী সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে একটি ৭.৬৫ এমএম পিস্তল (চায়না), একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করে। যার সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ ২২ হাজার টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মামলা দায়েরের মাধ্যমে এগুলো শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অস্ত্রের প্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
রিপোর্টার্স২৪/এসএন