রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ছুটিতে রাজধানীসহ বড় শহরগুলোতে আজ চোখে পড়ার মতো পরিবর্তন দেখা গেছে। সকালে থেকেই ঢাকা, গাজীপুর ও আশেপাশের শিল্পাঞ্চলগুলো থেকে মানুষ বাড়ির পথে ছুটছেন।
বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন ও পিকআপ-ট্রাকের অপেক্ষার জন্য উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কারো হাতে ব্যাগ, কারোবা মাথায় বসানো বস্তা অনেকেই পরিবার নিয়ে অপেক্ষা করছেন বাস ধরার জন্য। কেউ কেউ দল বেঁধে পিকআপ বা ট্রাকে চড়ে গ্রামের পথে রওনা হয়েছেন। তবে অভিযোগও উঠেছে কিছু পরিবহণকারী অতিরিক্ত ভাড়া নিচ্ছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ব্যস্ততা দেখা গেছে। পরিবহণ সংশ্লিষ্টরা জানিয়েছেন, বুধবার আরও ভিড় বাড়বে এবং আগাম টিকিটও প্রায় শেষ।
কমলাপুর স্টেশনেও ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ সারি তৈরি হয়েছে। যাত্রীরা জানিয়েছেন, কয়েক বছর পর একটি উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেয়ে সবাই নিজেদের ভোট কেন্দ্রের দিকে ছুটছেন।
ঢাকা ও গাজীপুরে কর্মসূত্রে বসবাসরত লাখ লাখ মানুষ তাদের স্থায়ী ঠিকানায় ফিরে ভোটাধিকার প্রয়োগ করবেন। পোশাক শ্রমিকদের জন্য চারদিনের ছুটি ঘোষণা থাকায় তাদেরও বাড়ি ফিরতে সুবিধা হয়েছে।
সরেজমিনে ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর, ঢুলিভিটা, নবীনগর, সাভার বাসস্ট্যান্ড, আমিনবাজার ও আশুলিয়া, জামগড়া এলাকায় ঘরমুখো মানুষের চাপ লক্ষ্য করা গেছে।
সাধারণ ছুটির পাশাপাশি ভোট ও পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগে রাজধানী ফাঁকা হয়ে পড়ছে। দেশবাসী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনে অংশ নেবেন।
রিপোর্টার্স২৪/ঝুম