| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এমপি হই বা না হই, আপনাদের ছেড়ে যাব না: শামা ওবায়েদ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ০৬:০৫:৫৮:পূর্বাহ্ন  |  ৭৫৯৮৬৩ বার পঠিত
এমপি হই বা না হই, আপনাদের ছেড়ে যাব না: শামা ওবায়েদ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আমি এমপি হই বা না হই, আপনাদের পাশে থাকব। নগরকান্দা-সালথার মানুষকে ছেড়ে আমি কখনো কোথাও যাব না। আল্লাহ যতদিন তৌফিক দিয়েছেন, ততদিন আপনাদের সুখ-দুঃখে পাশে থাকবো।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নিজের শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জনসভায় হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শামা ওবায়েদ বলেন, আপনাদের কাছে আমি একজন মেয়ে, একজন বোন হিসেবে দাঁড়িয়েছি। দয়া করে ১২ ফেব্রুয়ারি আমাকে নিরাশ করবেন না। আপনাদের মেয়েকে, আপনাদের বোনকে নিরাশ করবেন না। আমার বাবা নাই—আপনারাই আমার মুরব্বি, আপনারাই আমার পরিবার। আপনাদের ভালোবাসা আর দোয়া নিয়েই আমি এগিয়ে যেতে চাই।

তিনি বলেন, বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কে এম ওবায়দুর রহমানের কথা স্মরণ করে বলতে চাই—তার কাছে যেমন সকল ধর্ম, সকল দল ও সকল মতের মানুষ নিরাপদ ছিল, তেমনি শামা ওবায়েদের কাছেও সবাই নিরাপদ থাকবে। ধানের শীষের কাছে, বিএনপির কাছে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ নিরাপদ থাকবে। অন্য কোনো জায়গায় সেই নিরাপত্তা নেই।

ধর্মীয় সম্প্রীতি ও শিক্ষা প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, শুধু এক-দুটি নয়, নগরকান্দা-সালথার প্রতিটি মাদ্রাসার প্রতিটি ছেলে-মেয়ের ভালো শিক্ষা ও নিরাপদ ভবিষ্যতের দায়িত্ব আমি নিজ কাঁধে নেব। সম্মানিত আলেম-ওলামা, ইমাম ও ধর্মীয় ব্যক্তিত্বরা ধানের শীষের পতাকাতেই সবচেয়ে নিরাপদ থাকবেন।

উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সালথা-নগরকান্দায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল, একটি বিশ্ববিদ্যালয়, একটি আধুনিক গার্লস স্কুল এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মিল-কারখানা প্রতিষ্ঠা করা হবে। বিদেশে কাজ করতে বাধ্য হওয়া যুবকদের জন্য স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

তিনি আরও বলেন, কৃষকদের কল্যাণে কৃষক কার্ড ও পরিবারভিত্তিক ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে, যা মায়ের নামে প্রদান করা হবে। এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও পরিবারিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

শেষে শামা ওবায়েদ বলেন, আমি একটি কথাই বলে শেষ করতে চাই—আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনাদের মেয়ে ও বোনকে আপনাদের পাশে থাকার একটি সুযোগ দিন।

সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাদা মিয়া, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুর হক টুলু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন শামা ওবায়েদের স্বামী স্পারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪