| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে বিএনপির নির্বাচনি মিছিল প্রস্তুতিতে বেলুন বিস্ফোরণে, দগ্ধ ২১

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ০৩:৩৬:৩৬:পূর্বাহ্ন  |  ৭৬২৯৮২ বার পঠিত
গাজীপুরে বিএনপির নির্বাচনি মিছিল প্রস্তুতিতে বেলুন বিস্ফোরণে, দগ্ধ ২১
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বিএনপির নির্বাচনি মিছিলে অংশ নিতে যাওয়ার সময় গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ২১ জন দগ্ধ হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে টঙ্গীর হোন্ডা রোড এলাকায় বিএনপি অফিসের সামনে রাখা বেলুনগুলো বিস্ফোরিত হয়। পরে দগ্ধদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির নির্বাচনি মিছিলে অংশ নিতে বেলুনগুলো রাখা হয়েছিল। একপর্যায়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়লে উপস্থিত লোকজন দগ্ধ হন। উদ্ধারকালে তাদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনাল হাসপাতালে নিয়ে আসা হয়, যেখানে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা পাঠানো হয়।

দগ্ধদের মধ্যে অনিক (২৭), হাসু (৩৮), হাসনাত (১৮ ও ২২), আকাশ (২৮), রমজান (১৮), রাফি (১২), বিজয় (১৬), তাসিন (১৮), সিয়াম (১৬), মিনহাজ (১৭), নুরু (১৮), শাওন (২০), ইমাম (১৪), নির্জন (২২), মারুফ (২২), রুবেল (৩৪) ও রাব্বিসহ (১৩) রয়েছেন।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনাল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিয়া শারমিন বলেন, দগ্ধদের প্রায় সবার অবস্থা গুরুতর। প্রাথমিক চিকিৎসার পর তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। সেখানে এখন তাদের ড্রেসিং চলছে। কত শতাংশ দগ্ধ হয়েছেন, তা বর্তমানে বলা সম্ভব নয়। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং সেখানে থাকা ২১ জন দগ্ধ হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক ব্যবস্থা নিয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম বলেন, বিকেলে আমরা নির্বাচনি প্রচারণার প্রস্তুতি নিচ্ছিলাম। মিছিলে নেওয়ার জন্য ঘরের ভেতরে রাখা কয়েকটি গ্যাস বেলুন বিস্ফোরিত হয়। পরে দগ্ধদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দগ্ধদের পরিবারের সদস্যরা জানান, এ ঘটনায় তারা শোকস্তব্ধ এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন। রাজনৈতিক ও নির্বাচনি কর্মকাণ্ডের মাঝেই এমন দুর্ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আগামীদিনে নির্বাচনী প্রচারণা চলাকালীন সকলের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন সতর্ক থাকছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪