লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের পৃথক নির্বাচনী মিছিলে হঠাৎ অসুস্থ হয়ে আবদুস সহিদ (৪৮) ও ওবায়দুল হক (৫০) নামে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার এ ঘটনা ঘটে।লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) অরূপ পাল মৃতদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।মৃত আবদুস সহিদ জামায়াতের কর্মী এবং ওবায়দুল হক বিএনপির কর্মী ছিলেন। সহিদ লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বাঞ্ছানগর এলাকার বাসিন্দা, আর ওবায়দুল হক একই এলাকার আব্দুল মুনাফের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে জেলা শহরে জামায়াতের প্রার্থী রেজাউল করিমের সমর্থনে গণমিছিল বের হয়। হঠাৎ আবদুস সহিদ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন
সন্ধ্যায় একই আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরীর সমর্থনে বের হওয়া মিছিলে ওবায়দুল হক অসুস্থ হয়ে পড়েন। হাসপাতাল নেওয়ার পথে তাঁকে মৃত ঘোষণা করা হয়।আরএমও অরূপ পাল সাংবাদিকদের বলেন, আলাদা দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। আসার পথে তাদের মৃত্যু হয়। হৃদযন্ত্রের ক্রিয়ার বন্ধ হয়ে মৃত্যু হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, দুজনের মৃত্যুর খবর শুনেছি। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। খোঁজখবর নেওয়া হচ্ছে।