রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির ২৯৯ নম্বর সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী এম এ বাশারকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দলটির রাঙ্গামাটি জেলা শাখা। একই সঙ্গে তাঁর প্রতি সব ধরনের সাংগঠনিক ও নির্বাচনী সমর্থন প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গণঅধিকার পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মো. তাইয়ুফ আজিজের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদ জনগণের অধিকার, স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক রাজনীতির পক্ষে অবিচল। দলটি সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয় ঐক্য এবং পার্বত্য অঞ্চলের স্থায়ী শান্তি ও উন্নয়নের পক্ষে সোচ্চার। তবে রাঙ্গামাটি সংসদীয় আসনে দলীয় মনোনীত প্রার্থী এম এ বাশার দলীয় শৃঙ্খলা, গণতান্ত্রিক নিয়ম-নীতি ও জনগণের প্রতি দায়বদ্ধতার পরিপন্থী আচরণে জড়িয়েছেন বলে অভিযোগ ওঠে।
এতে আরও বলা হয়, তাঁর বিরুদ্ধে দলীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে সমন্বয়হীনতা, সাংগঠনিক নির্দেশনা অমান্য, দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি এবং ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেওয়ার অভিযোগ রয়েছে।
দলীয় তদন্তে অভিযোগগুলো সন্তোষজনকভাবে প্রমাণিত হওয়ায় জেলা শাখার সর্বসম্মত সিদ্ধান্তে এম এ বাশারকে রাঙ্গামাটি জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ তাঁর প্রতি সব ধরনের সমর্থন প্রত্যাহার করে বিএনপি মনোনীত পদ প্রার্থী দীপেন দেওয়ানকে সমর্থন দেওয়ার কথা উল্লেখ করা হয়।
এ বিষয়ে এম এ বাশার বলেন, দলের ভেতরের একটি গ্রুপ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি নির্বাচনের মাঠে রয়েছেন এবং প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাঁর দাবি, কোনো অনিয়ম করলে কেন্দ্রীয় নেতৃত্ব ব্যবস্থা নেবে, জেলা কমিটির সিদ্ধান্ত দলীয় শৃঙ্খলার পরিপন্থী।
রিপোর্টার্স২৪/মিতু