ঝিনাইদহ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ জেলায় নির্বাচনী নিরাপত্তা জোরদারে এক যুগান্তকারী ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেছে জেলা পুলিশ। ভোটকে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত করতে চালু করা হয়েছে বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমার ভোট কেন্দ্র’।
বুধবার ঝিনাইদহ জেলা পুলিশ কার্যালয়ে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল–এর সরাসরি দিকনির্দেশনায় বাস্তবায়িত এই ডিজিটাল উদ্যোগকে জেলার চারটি সংসদীয় আসনের নির্বাচনী নিরাপত্তায় নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে।
‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপটি মূলত সাধারণ ভোটার ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে একটি কার্যকর ডিজিটাল সংযোগ হিসেবে কাজ করবে। অ্যাপটির মাধ্যমে ভোটাররা সহজেই নিজেদের ভোট কেন্দ্রের অবস্থান জানতে পারবেন, নিকটবর্তী নিরাপত্তা ক্যাম্প শনাক্ত করতে পারবেন এবং জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক পুলিশের সহায়তা গ্রহণের সুযোগ পাবেন।
সংশ্লিষ্টরা বলছেন, পুলিশ সুপারের এই দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর পদক্ষেপ নির্বাচনী পরিবেশে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অ্যাপটির সফল উদ্বোধন এবং পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজালের উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন পুলিশ সুপারের হাতে সম্মাননা ও ধন্যবাদ জ্ঞাপন স্মারক তুলে দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ একটি স্বচ্ছ, নিরাপদ ও সহিংসতামুক্ত নির্বাচন পরিচালনায় অনন্য মডেল হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবে।
জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণকে অ্যাপটি ব্যবহারের জন্য উৎসাহিত করা হয়েছে। জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া QR Code স্ক্যান করে অথবা কমেন্ট সেকশনে পিন করা লিংকে ক্লিক করে সহজেই স্মার্টফোনে অ্যাপটি ইনস্টল করা যাবে।
এ বিষয়ে পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল বলেন, আমাদের লক্ষ্য একটি উৎসবমুখর ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করা। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে জনগণের ভোটাধিকার সুরক্ষায় জেলা পুলিশ বদ্ধপরিকর।
রিপোর্টার্স২৪/মিতু