ঠাকুরগাঁও প্রতিনিধি:নাগরিক সেবা সহজ ও সময়সাশ্রয়ী করতে ঠাকুরগাঁও পৌরসভায় চালু হলো ‘আমাদের পৌরসভা’ অনলাইন সফটওয়্যার। এর মাধ্যমে এখন থেকে সনদপত্র, হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন পৌরসেবা অনলাইনে পাওয়া যাবে।
সোমবার বিকেলে ঠাকুরগাঁও পৌরসভার সম্মেলন কক্ষে সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এ সময় তিনি বলেন, ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে নাগরিক সেবা আরও স্বচ্ছ ও গতিশীল হবে।
পৌরসভার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পৌরসভার প্রশাসক আরাফাত রহমান, সাবেক প্রশাসক সরকার মোস্তফা শাহীন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুজ্জামান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মামুন বিশ্বাস, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. জিন্নাতারা ইয়াছমিন।
এর আগে জেলা প্রশাসক ইশরাত ফারজানা পৌরসভার প্রবেশমুখে স্থাপিত ‘সেবা কানন’ (তথ্য ও সেবা কেন্দ্র) এবং ‘টিকাদান কেন্দ্র ও মাতৃদুগ্ধ কর্নার’ ফিতা কেটে উদ্বোধন করেন। পরে তিনি সেখানে কয়েকটি ফলজ গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে পৌরসভা কর্তৃপক্ষ জানায়, এখন থেকে পৌর এলাকার নাগরিকরা ঘরে বসেই এমনকি দেশ বা বিদেশে অবস্থান করেও আমাদের পৌরসভা’ সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন সেবা নিতে পারবেন। এ জন্য গুগলে ‘আমাদের পৌরসভা’ লিখে সার্চ করে নির্দিষ্ট পেজে প্রবেশ করে নাম ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর প্রয়োজন অনুযায়ী সেবার জন্য আবেদন করে অনুমোদন শেষে সনদপত্র ডাউনলোড ও প্রিন্ট করা যাবে।
যাঁরা অনলাইনে আবেদন করতে পারবেন না, তাঁরা সরাসরি ‘সেবা কানন’ (তথ্য ও সেবা কেন্দ্র) থেকে প্রয়োজনীয় সেবা ও পরামর্শ নিতে পারবেন বলে জানানো হয়।
রিপোর্টার্স২৪/মিতু