রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৭:৩০টা থেকে। গত ২২ জানুয়ারি শুরু হওয়া প্রচারণা ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে বন্ধ করার নিয়ম রয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচারণা বন্ধ হবে।
ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ হবে। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে ভোট বাতিল হওয়ায় মোট আসন সংখ্যা ২৯৯।
নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন ভোটার অংশগ্রহণ করতে পারবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ, মহিলা ৬ কোটি ২৮ লাখ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১,২২০ জন। সর্বনিম্ন ভোটার রয়েছে ঝালকাঠি-১ (২ লাখ ২৮ হাজার) এবং সর্বোচ্চ গাজীপুর-২ (৮ লাখ ৪ হাজার) আসনে।
নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট প্রার্থী ২,০৩৪ জন, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন। দলের মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি (২৯১ জন)। ঢাকা-১২ আসনে সবচেয়ে বেশি ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, পিরোজপুর-১ আসনে সর্বনিম্ন ২ জন।
ভোটের নিরাপত্তা ও তত্ত্বাবধানে প্রায় ৮ লাখ কর্মকর্তার পাশাপাশি প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বে থাকবেন। এছাড়া ৫৫,৪৫৪ জন দেশের নিবন্ধিত পর্যবেক্ষক এবং প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করবেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, সব প্রস্তুতি শেষ, প্রার্থীদের প্রচারণা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভোটযুদ্ধের চূড়ান্ত পর্যায় শুরু হবে।
রিপোর্টার্স২৪/ঝুম