| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধান উপদেষ্টার বক্তব্য আর বাস্তবতায় ফারাক : দেবপ্রিয় ভট্টাচার্য

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৭:১১:৩৫:অপরাহ্ন  |  ৭৭৪০৬৯ বার পঠিত
প্রধান উপদেষ্টার বক্তব্য আর বাস্তবতায় ফারাক : দেবপ্রিয় ভট্টাচার্য
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: প্রধান উপদেষ্টার বক্তব্যের সঙ্গে বাস্তব কাজের মিল নেই বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, এক ছাতার নিচে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই থাকবে। কিন্তু ছাতাই তো খোলা হলো না। বৃষ্টি পড়ছে, অথচ ছাতা খোলা হয়নি।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ড. সেলিম জাহান, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ রাজনীতিবিদ, শিক্ষক, অর্থনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা। 

অঙ্গীকার থেকে অনুশীলন: রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক জবাবদিহি-বাংলাদেশের নির্বাচন ২০২৬’ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন সিজিএসের সভাপতি জিল্লুর রহমান।

‘সরকারের যাওয়ার সময় হয়ে এসেছে’

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমি কেন বলছি এ সরকারের যাওয়ার সময় হয়েছে? কারণ যতটুকু সংস্কার ও বিচার করার সুযোগ ছিল, সেই সক্ষমতা এখন শেষ প্রান্তে। তাদের দম ফুরিয়ে এসেছে। এখন সর্বোচ্চ যা তারা করতে পারে, তা হলো একটি ভালো ও সহিংসতাহীন নির্বাচন আয়োজন করা।

সংখ্যালঘু নির্যাতনের তথ্য নিয়ে ‘বুদ্ধিবৃত্তিক অপপ্রচার’-এর অভিযোগ

অন্তর্বর্তী সরকারের মুখপাত্রের বক্তব্যের সমালোচনা করে দেবপ্রিয় বলেন, সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে সরকারের ভেতর থেকেই তথ্য খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে, যা একটি দুর্বল জনগোষ্ঠীর ওপর সংঘটিত সহিংসতার বাস্তবতাকে আড়াল করছে।

তিনি বলেন, চলতি বছরের জানুয়ারিতে সরকারের ভেতরের একজন জ্ঞানী ব্যক্তি যিনি উপদেষ্টা নন প্রেস কনফারেন্সে বলেন, ২০২৫ সালে সংখ্যালঘুদের ওপর ৬৪৫টি হামলা হয়েছে, কিন্তু এর মধ্যে মাত্র ৭১টি সাম্প্রদায়িক। এটি বুদ্ধিবৃত্তিক অপপ্রচার ও তথ্য বিকৃতির একটি বড় উদাহরণ।

গত ১৯ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং পুলিশের নথি পর্যালোচনার ভিত্তিতে জানায়, ২০২৫ সালে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট মোট ৬৪৫টি হামলার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ৭১টি ঘটনায় ‘সাম্প্রদায়িক উপাদান’ পাওয়া গেছে। এসব তথ্য যাচাইকৃত এফআইআর, জিডি, অভিযোগপত্র ও তদন্ত অগ্রগতির ভিত্তিতে সংগ্রহ করা হয় এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এ প্রসঙ্গে দেবপ্রিয় বলেন, সরকারি হিসাবেই এক বছরে সাড়ে ৬০০-এর বেশি হামলা হয়েছে। কিন্তু শুধু মন্দিরে হামলা বা প্রতিমা ভাঙাকেই সাম্প্রদায়িক বলা হলো। জমি, ব্যবসা বা প্রতিবেশী বিরোধের নামে বাকিগুলোকে সাম্প্রদায়িক হিসেবে ধরা হলো না। এটা অদ্ভুত যুক্তি। একটি নারী আক্রান্ত হলে যেমন বলা যায় না যে নারী নির্যাতন হয়নি তেমনি সংখ্যালঘু হওয়ার কারণেই এসব হামলা হয়েছে।তিনি অভিযোগ করেন, এসব ঘটনায় কার্যকর বিচার হয়নি।

নির্বাচন ও অংশগ্রহণ প্রসঙ্গে বক্তব্য

নির্বাচন নিয়ে দেবপ্রিয় বলেন, রাজনৈতিক দলগুলোর ইশতেহারে আরও সুস্পষ্ট ও প্রগতিশীল অঙ্গীকার থাকা উচিত ছিল। তবে যেটুকু এসেছে, সেটুকুর বাস্তবায়ন কঠোর নজরদারির মধ্যে রাখতে হবে।

অংশগ্রহণমূলক নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্ভুক্তির ক্ষেত্রে ঘাটতি ছিল এটা অস্বীকার করার সুযোগ নেই। এখনো সেই ঘাটতি পূরণের সুযোগ রয়েছে। নারী, সংখ্যালঘু ও ভিন্নমতের রাজনৈতিক শক্তিসহ সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

ভোটে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, যারা বলেন ভোট না দিয়ে মত প্রকাশ করা উচিত, তারা এই মুহূর্তে দেশের জন্য উপকারী চিন্তা করছেন না। ভোটই আমাদের শক্তি।

‘সহিংসতাহীন নির্বাচনই সরকারের শেষ ভালো কাজ হতে পারে’

ভোটের সময় সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব সরকারের উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সহিংসতাহীন একটি নির্বাচন আয়োজনের মাধ্যমে সরকার যদি শেষ ভালো কাজটি করে যেতে পারে, তাহলে ইতিহাসের পাতায় তাদের কিছুটা জায়গা পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪