স্টাফ রিপোর্টার: আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ‘অপপ্রচার’ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি স্পষ্ট করে জানিয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু অসাধু চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য ছড়াচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান অত্যন্ত পরিষ্কার।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসন ব্যতীত দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন স্থগিত সংক্রান্ত কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
ইসি জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশে ছড়ানো এসব গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে।
নির্বাচন কমিশন আরও জানায়, ভোটগ্রহণের সকল প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে এবং নির্বাচনকে সামনে রেখে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি