রিপোর্টার্স২৪ ডেস্ক: ভালোবাসা কখনো চোখের ভাষায়, কখনো নীরবতায় আবার কখনো সাহসী একটি কথায় প্রকাশ পায়। অনুভূতির গভীরতায় ডুবে থাকা এই আবেগকে শব্দে প্রকাশ করা সহজ না হলেও, সঠিক মুহূর্ত পেলে ভালোবাসা হয়ে ওঠে আরও অর্থবহ। সেই বিশেষ মুহূর্তই নিয়ে আসে ভালোবাসার সপ্তাহের দ্বিতীয় দিন প্রপোজ ডে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিশ্বজুড়ে পালিত হচ্ছে প্রপোজ ডে। এই দিনে প্রিয় মানুষটির কাছে নিজের অনুভূতি প্রকাশ করে অনেকেই শুরু করেন সম্পর্কের নতুন অধ্যায়। কেউ বন্ধুত্বকে ভালোবাসার নাম দিতে চান, কেউ বা দীর্ঘদিনের জমে থাকা না বলা কথাগুলো জানাতে চান। প্রপোজ ডে ঠিক সেই সাহসটাই জোগায়।
তবে মনের মধ্যে ভালোবাসা থাকলেও প্রশ্ন একটাই কীভাবে বলবেন? কোন উপায়ে প্রস্তাব দিলে তা হবে মনে রাখার মতো? চলুন জেনে নেওয়া যাক কিছু সহজ কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো উপায়।
চিঠি বা কবিতায় আবেগের ছোঁয়া
ডিজিটাল যুগেও হাতে লেখা চিঠির আবেদন আলাদা। নিজের অনুভূতিগুলো সহজ ভাষায় লিখে দিন প্রিয় মানুষটিকে। খুব বেশি শব্দের দরকার নেই। চার লাইনের একটি ছোট কবিতাও বলতে পারে অনেক কথা। আন্তরিকতা থাকলেই সেটাই হয়ে উঠবে সবচেয়ে সুন্দর প্রপোজ।
স্মৃতির ভেতর লুকানো প্রস্তাব
একসঙ্গে কাটানো মুহূর্তগুলোই সম্পর্কের সবচেয়ে বড় শক্তি। আপনাদের ছবি, ছোট উপহার বা স্মৃতিচিহ্ন দিয়ে একটি বাক্স তৈরি করুন। প্রতিটি স্মৃতির সঙ্গে একটি করে নোট লিখুন। শেষ নোটে গিয়ে বলুন সেই কাঙ্ক্ষিত কথাটি এই প্রপোজ ভুলবার নয়।
অনলাইনেই হোক ভালোবাসার প্রকাশ
যদি আপনার প্রিয় মানুষ প্রযুক্তিপ্রেমী হন, তাহলে একটু ভিন্নভাবে ভাবুন। একটি ছোট ওয়েবসাইট, ভিডিও বা ডিজিটাল কার্ডে সাজিয়ে ফেলুন আপনার অনুভূতি। অভিনব এই প্রস্তাবে অবাক হওয়ার পাশাপাশি সে আপনার আন্তরিকতাও অনুভব করবে।
আংটিতে প্রতিশ্রুতির ইঙ্গিত
যদি সম্পর্ক অনেকটাই পরিণত হয়ে থাকে, তাহলে আজই সাহসী সিদ্ধান্ত নিন। পছন্দের একটি আংটি নিয়ে সরাসরি প্রশ্ন করুন—সে কি আপনার সঙ্গে ভবিষ্যৎ ভাগ করে নিতে রাজি? কখনো কখনো সরলতাই সবচেয়ে শক্তিশালী।
গানের সুরে ভালোবাসা
কথা আটকে গেলে গানই হতে পারে আপনার ভাষা। প্রিয় মানুষটির জন্য একটি গান গেয়ে শোনান, অথবা তার প্রিয় কোনো গান উৎসর্গ করুন। আর যদি নিজেই গান লিখতে পারেন তাহলে তো প্রপোজটা হয়ে উঠবে একেবারেই বিশেষ।
বইয়ের পাতায় লুকানো অনুভূতি
যদি সে বইপ্রেমী হয়, তাহলে একটি ভালোবাসার গল্পের বই উপহার দিন। বইয়ের ভেতরে নিজের হাতে লেখা দু’টি লাইন বা একটি ছোট চিরকুট লুকিয়ে রাখুন। নির্দিষ্ট একটি পৃষ্ঠা পড়তে বলুন সেখানেই অপেক্ষা করবে আপনার মনের কথা।
প্রপোজ ডে-এর ইতিহাস জড়িয়ে আছে ভ্যালেন্টাইন্স সপ্তাহের সঙ্গেই। ইউরোপ ও আমেরিকায় ১৮ ও ১৯ শতকে এই দিনে আংটি দিয়ে ভালোবাসার প্রস্তাব দেওয়ার রীতি ছিল। হাঁটু গেড়ে প্রস্তাব দেওয়ার ঐতিহ্য এখনো অনেক দেশে প্রচলিত। সময় বদলালেও ভালোবাসা প্রকাশের গুরুত্ব আজও অটুট।
যারা দীর্ঘদিন ধরে কাউকে ভালোবাসেন কিন্তু মনের কথা বলতে সাহস পান না তাদের জন্য আজকের দিনটি হতে পারে জীবনের মোড় ঘোরানো সুযোগ। একটু সাহস, একটু পরিকল্পনা আর অনেকটা আন্তরিকতা এই তিনেই হয়ে উঠতে পারে আপনার প্রপোজ ডে স্মরণীয়।
রিপোর্টার্স২৪/ঝুম