স্টাফ রিপোর্টার: সাউথ এরা নেটওয়ার্কের নতুন ডকুমেন্টারি পর্বে বাংলাদেশের অর্থনীতিতে প্রায় ২৩৪ বিলিয়ন ডলারের একটি ‘ব্ল্যাক হোল’ বা বিশাল আর্থিক গর্তের অভিযোগ উত্থাপন করা হয়েছে। ডকুমেন্টারিতে দাবি করা হয়েছে, চুরি হওয়া এই বিপুল অর্থ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি সাউথ এরা নেটওয়ার্ক তাদের ডকুমেন্টারি সিরিজ বিটুইন টু ফিউচার্স-এর সপ্তম পর্ব প্রকাশ করেছে। জুলাই অভ্যুত্থানের পরবর্তী ১৮ মাসের ঐতিহাসিক সময়কাল পর্যালোচনা করা এই পর্বের শিরোনাম; দ্য গ্রেট প্লান্ডার: হাউ মেগা প্রজেক্টস ব্যাংকরাপ্টেড বাংলাদেশ।
পর্বটিতে দাবি করা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের অর্থনীতি থেকে আনুমানিক ২৩৪ বিলিয়ন ডলার হারিয়ে গেছে। এতে দেখানো হয়েছে, অন্তর্বর্তীকালীন শাসনামল এই অর্থনৈতিক ‘ব্ল্যাক হোল’ শনাক্ত করার চেষ্টা করছে এবং অনুসন্ধানে উঠে এসেছে;এই বিপুল অর্থ দেশের বাইরে পাচার হয়েছে।
ডকুমেন্টারিতে অর্থের গতিপথ অনুসরণ করা হয়েছে মতিঝিলের আর্থিক কেন্দ্র থেকে শুরু করে কানাডার টরন্টো, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যের লন্ডনের রিয়েল এস্টেট বাজার পর্যন্ত। এতে প্রশ্ন তোলা হয়েছে,নিজেদের রাজনৈতিক নেতৃত্বের কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত একটি দেশ আদৌ কি ঘুরে দাঁড়াতে পারে?
পর্বটিতে আরও বলা হয়, অভিযোগ অনুযায়ী আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন মেগা প্রকল্পের নামে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেওয়া হয়েছে।
বিটুইন টু ফিউচার্স সিরিজটি কেবল একটি ঐতিহাসিক দলিল হিসেবেই নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক চেতনায় সম্ভাব্য পরিবর্তন নিয়ে একটি সময়োপযোগী বিশ্লেষণ হিসেবেও নিজেদের উপস্থাপন করছে।
রিপোর্টার্স২৪/এসসি