স্টাফ রিপোর্টার: রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পুনরায় হামলার আশঙ্কায় সতর্কতামূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। ডিএমপির তেজগাঁও জোনের সহকারী কমিশনার মোহাম্মদ আক্কাস আলী বলেন, নির্দিষ্ট কোনো হুমকির তথ্য না থাকলেও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় দুই পত্রিকার কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে সম্ভাব্য হামলার আশঙ্কায় দ্য ডেইলি স্টারের সব কর্মীকে আপাতত বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পত্রিকাটির একাধিক সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে একই দিন দুপুরে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে ‘ইনকিলাব মঞ্চ’-এর ব্যানারে আন্দোলনকারীরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে পদযাত্রার চেষ্টা করেন। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ ব্যবহার করে। অপরদিকে আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পুলিশ ও আন্দোলনকারী মিলিয়ে একাধিক ব্যক্তি আহত হন।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই ঘটনার পর থেকেই প্রতিষ্ঠান দুটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।
রিপোর্টার্স২৪/এসসি