সিনিয়র রিপোর্টার: রাজধানীর পূর্বাচল নতুন শহর সরকারি আবাসন প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুই বছর করে মোট চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় শেখ হাসিনার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও অপর মেয়ে আজমিনা সিদ্দিককে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।
রায়ে প্রত্যেক আসামিকে কারাদণ্ডের পাশাপাশি পৃথক মামলায় এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার একমাত্র কারাবন্দি আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমকে দুটি মামলায় এক বছর করে মোট দুই বছরের কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
অন্যদিকে, বাকি আসামিদের প্রত্যেককে সংশ্লিষ্ট মামলায় পাঁচ বছর করে কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত ১৩ ও ১৮ জানুয়ারি রাষ্ট্রপক্ষ এবং কারাবন্দি আসামি মোহাম্মদ খুরশীদ আলমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন,জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) ইঞ্জিনিয়ার সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, পরবর্তীতে যুক্ত হওয়া সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ আরও অনেকে।
দুদক (দুর্নীতি দমন কমিশন) চলতি বছরের জানুয়ারিতে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পৃথক ছয়টি মামলা দায়ের করে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, রেহানার সন্তান টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়। সব মামলার অভিযোগপত্র ইতোমধ্যে আদালতে দাখিল করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, ক্ষমতায় থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা অর্পিত ক্ষমতার অপব্যবহার করেন। যোগ্যতা না থাকা সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর সড়কের ছয়টি প্লট নিজেদের নামে বরাদ্দ নেন।
ছয়টি মামলার মধ্যে চারটির রায় ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। এসব মামলায় শেখ হাসিনা, তার দুই সন্তান, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকসহ একাধিক আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি