জাবি প্রতিনিধি: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে করা কথিত অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঝাড়ু মিছিল করেছেন একদল শিক্ষার্থী।
রোববার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঝাড়ু ও মশাল হাতে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘কেমন হ্যাকার কেমন হ্যাক, বেশ্যা বলে আইডি ব্যাক’, ‘পাল্লা হাতে গোলামের পুত, মা-বোনরে কয় প্রস্টিটিউট’, ‘রাজাকারের ঠিকানা এই বাংলায় হবে না’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
ঝাড়ু মিছিল শেষে আয়োজিত সমাবেশে অর্থনীতি বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী আফিয়া ইবনাত সামিয়া সঞ্চালনা করেন। এতে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের (একাংশ) প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিকা তাবাসসুম ফারাবী।
তিনি বলেন, জামায়াতের আমির কিংবা তাদের নেতারা বারবার বলেন—তারা মা-বোনকে সম্মান করেন। কিন্তু শোনেন, আমি আপনার বোন বা মা নই; আমি বাংলাদেশের একজন নারী নাগরিক। আপনি যতটা নাগরিক, আমিও ঠিক ততটাই। আপনারা এই দেশে বসে আমাদের, আমাদের মায়েদের নিয়ে অবমাননাকর মন্তব্য করবেন আর আমরা চুপ করে শুনব—এটা কখনোই হবে না।
নৃবিজ্ঞান বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী ফারিয়া জামান বলেন, “ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টের একটি স্ক্রিনশটে দেখা গেছে, আধুনিকতার নামে নারীরা ঘরের বাইরে বের হলে তা নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার কারণ এবং এটিকে তিনি বেশ্যাবৃত্তির সঙ্গে তুলনা করেছেন। একজন রাজনীতিবিদের কাছ থেকে এমন নোংরা ও নারী-বিদ্বেষমূলক বক্তব্য দেশের জন্য লজ্জাজনক। যেখানে এই দেশের ৫১ শতাংশ ভোটার নারী। এটি প্রথমবার নয়—এর আগেও জামায়াতের নেতাদের কাছ থেকে এ ধরনের বক্তব্য এসেছে।”
তিনি আরও বলেন, যেভাবে বলা হচ্ছে আইডি হ্যাক হয়েছে, আমরা সেটাকে বিশ্বাস করি না। যেমনভাবে একসময় ইন্টারনেট বন্ধের যুক্তি দেওয়া হয়েছিল, এটিও সেভাবেই দায় এড়ানোর চেষ্টা।
জামায়াত আমিরের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে জাতীয় ছাত্রশক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, নারীর প্রতি সহিংসতা, অবমাননা ও ঘৃণার বিরুদ্ধে আমরা একসঙ্গে সোচ্চার থাকব। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে সভা-সমাবেশ, মিছিল ও সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে নারীকে পরিকল্পিতভাবে হেয় করার চেষ্টা চলছে, তারই ধারাবাহিকতায় এই পোস্ট। আজকের এই ঝাড়ু মিছিল সেই চেষ্টার বিরুদ্ধে নারীদের দৃশ্যমান প্রতিবাদ।
সমাবেশ থেকে বক্তারা জামায়াত আমিরের মন্তব্যের নিঃশর্ত প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থার দাবি জানান এবং ভবিষ্যতে নারীবিদ্বেষী বক্তব্যের বিরুদ্ধে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন।
রিপোর্টার্স২৪/বাবি