সিনিয়র রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোটার উপস্থিতির প্রত্যাশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তাঁর মতে, এবারের নির্বাচন বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলে ভোটার উপস্থিতি অতীতের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত নির্বাচন রিপোর্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে প্রায় ৫৫ শতাংশ ভোট পড়েছিল। আমার ধারণা, এবার ভোটের হার ৫৫ শতাংশের বেশি হবে।
তিনি বলেন, আমাদের ইতিহাসে এমন কোনো নির্বাচন নেই, যেখানে একেবারে কোনো সমস্যা হয়নি। কোনো না কোনো ঝামেলা সবসময়ই ছিল। এবারও কিছু ঘটনা ঘটেছে, তবে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা।
তৌহিদ হোসেন বলেন, সরকার নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।
নির্বাচনকালীন সহিংসতা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরকারের গৃহীত পদক্ষেপগুলো বিদেশি কূটনীতিকদের জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
‘হ্যাঁ ভোট’ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোট নিয়ে অনেকের মধ্যে আগে দ্বিধাদ্বন্দ্ব ছিল। জামায়াত ও এনসিপি শুরু থেকেই হ্যাঁ ভোটের পক্ষে ছিল। পরে বিএনপির চেয়ারম্যানও হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নেন।
তিনি বলেন, বড় রাজনৈতিক দলগুলো হ্যাঁ ভোটের পক্ষে থাকায় সাধারণ ভোটাররাও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন বলে তিনি আশা করছেন। এ কারণে হ্যাঁ ভোট সহজেই পাস হবে বলে আমার মনে হয়।
নির্বাচনের পর প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য নেই বলেও জানান তিনি।
উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, কিছু উপদেষ্টা দ্রুত ভিসা পাওয়ার প্রয়োজনের কারণে সাধারণ পাসপোর্ট গ্রহণ করে কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। তবে আমি এখনো কূটনৈতিক পাসপোর্ট জমা দিইনি।
অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার বক্তব্য দেন। ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা ইমরুল কায়েস।
রিপোর্টার্স২৪/এসসি