| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাতিয়ায় হান্নান মাসউদের পথসভায় হামলা, আহত ৩

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০১, ২০২৬ ইং | ০৭:২০:২০:পূর্বাহ্ন  |  ৮৩৭৪৫০ বার পঠিত
হাতিয়ায় হান্নান মাসউদের পথসভায় হামলা, আহত ৩

হাতিয়া প্রতিনিধি: নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাঁর ‘শাপলা কলি’ প্রতীকের অন্তত তিনজন কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের তালতলা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আবদুল হান্নান মাসউদ নিজেই।

তিনি জানান, তালতলা বাজারে অবস্থিত তাঁর শাপলা কলি প্রতীকের একটি নির্বাচনী অফিসে প্রথমে ভাঙচুর চালানো হয়। পরে অফিসের অবস্থা দেখতে গেলে সেখানে শত শত মানুষ জড়ো হন। এ সময় তাৎক্ষণিকভাবে একটি পথসভা শুরু হলে বক্তব্য দেওয়ার একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে ঘটনাস্থলে হঠাৎ করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁর তিনজন কর্মী আহত হন।

আহতদের মধ্যে তমরুদ্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবদুর রহমানের ছেলে মো. দিদার উদ্দিন (৩০) এবং ৫ নম্বর ওয়ার্ডের মো. মোজাম্মেলের ছেলে মো. সম্পদ (১৫) গুরুতর আহত হওয়ায় তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত কর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাতিয়া থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে যান। অন্ধকারের কারণে হামলাকারীদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নির্বাচনী প্রচারণায় এ ধরনের হামলার ঘটনায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনের প্রতি কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪