রংপুর প্রতিনিধি : আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
শনিবার (৯ আগস্ট) বিকেলে রংপুরের বিভাগীয় কমিশনার হল রুমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
তিনি আরও বলেন, বিগত নির্বাচন প্রক্রিয়ায় জড়িতদের বাদ দিয়ে নতুন লোক নেওয়া হবে। এখানে বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, ডিসিরা, এসপি, বিজিবির প্রতিনিধি, সেনাবাহিনীর ও এনএসইয়ের প্রতিনিধিরা আসছেন। নির্বাচনের সময় যারা জড়িত থাকবেন তাদের সঙ্গে মিটিং করেছি। রংপুর এলাকার অবস্থা পর্যবেক্ষণ করলাম।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর জোর দিচ্ছি আমরা। নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, ইনশাল্লাহ। সেভাবেই প্রস্তুতি নিতে বলা হয়েছে নির্বাচন সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা বাহিনীকে।
সিইসি বলেন, এবারের নির্বাচনে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ থাকবে। কেউ যদি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে, তবে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। রংপুরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমরা জেনেছি, নির্বাচনে এখানে পদক্ষেপ সেই অনুযায়ী নেয়া হবে। একটি সুন্দর ও গ্রহনযোগ্য নির্বাচন করার জন্য যা যা করার তাই করবো।
এর আগে সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় সিইসি বলেন, বিগত নির্বাচন প্রক্রিয়ায় জড়িতদের বাদ দিয়ে নতুন লোক নেওয়া হবে। ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচন কমিশন প্রস্তুত আছে। নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে হবে।
তিনি আরও বলেন, দেশের ১৮ কোটি মানুষের হয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যেই কাজ করবে ইসি। এআইয়ের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এসব মোকাবিলা করার জন্য চেষ্টা করা হচ্ছে।
নাসির উদ্দিন বলেন, ভোট দেয়া যেমন নাগরিক দায়িত্ব; তেমন ঈমানি দায়িত্বও বটে। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে পরিচালনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
জাতীয় সংসদ নির্বাচন চলাকালে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের অবাধ স্বাধীনতা দেয়া হবে, তবে ভোটকেন্দ্রের ভেতরে সরাসরি সম্প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান সিইসি।
রিপোর্টার্স ২৪/এমআ