কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে ৩ কেজি ৯৪৯ গ্রাম গাঁজাসহ ইব্রাহীম হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শনিবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাকুরিয়া গ্রামের সরদার পাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি অভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সরদার পাড়া বাজারে মামুন ফয়সালের ফার্নিচারের দোকানের দক্ষিণ পাশে পাকা রাস্তা থেকে ৩ কেজি ৯৪৯ গ্রাম গাঁজাসহ ইব্রাহীম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইব্রাহীম হোসেন পাকুরিয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত আমজাদ হোসেনের ছেলে।
উদ্ধার করা মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি।
রিপোর্টার্স২৪/ঝুম