নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় একটি ডাইং কারখানার দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের শরীরের যথাক্রমে ৮৭ ও ৫২ শতাংশ পুড়ে গেছে। দুজনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ২টার দিকে সদর উপজেলার ফতুল্লার ইসদাইর এলাকার রতন ডাইং কারখানায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন পাশা (৪০) ও রঞ্জিত (৪৫)। তাঁদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানান, রাত ২টার দিকে কারখানায় বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে যান। এ সময় কারখানার ভেতরে ধোঁয়া দেখতে পান তাঁরা। পরে দগ্ধ অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের ৫২ শতাংশ পুড়ে গেছে। দুজনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে। তদন্ত শেষে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব