| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন উপেক্ষা করে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৬ ইং | ১৩:২৯:৫৯:অপরাহ্ন  |  ২১৩৫৩১ বার পঠিত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন উপেক্ষা করে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি জনজীবনে। বৃহস্পতিবার সকাল থেকেই স্বাভাবিক রয়েছে রাজধানীর যান চলাচল ও দৈনন্দিন কার্যক্রম। সড়কে চলছে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন। খোলা রয়েছে সরকারি-বেসরকারি অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট। কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশে ছুটছেন মানুষ।

সরেজমিনে দেখা গেছে, সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ছিল মানুষের স্বাভাবিক উপস্থিতি। মিরপুর, উত্তরা, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মতিঝিল, পল্টন, গুলিস্তান, যাত্রাবাড়ী, মহাখালী ও গাবতলী এলাকায় যানবাহন ও মানুষের চলাচল ছিল স্বাভাবিক। কোথাও কোথাও যানজট দেখা গেলেও তা ছিল অন্যান্য দিনের মতোই।

সড়কে বাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল করতে দেখা গেছে। বাসস্ট্যান্ডগুলোতে ছিল যাত্রীদের ভিড়। বিশেষ করে মিরপুর থেকে মতিঝিলগামী বাসগুলোতে অফিসগামী যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় সকাল থেকেই ছিল কর্মব্যস্ততা। ফুটপাতের চায়ের দোকান, নাশতার হোটেল ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ক্রেতাদের আনাগোনা দেখা গেছে। অন্যদিকে মতিঝিল ও পল্টন এলাকায় অফিসমুখী মানুষের চলাচল ছিল স্বাভাবিক। সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতেও নিয়মিত কার্যক্রম চলতে দেখা গেছে।

মতিঝিলের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রাকিব হোসেন বলেন, প্রতিদিনের কাজের নির্দিষ্ট সময়সূচি রয়েছে। অফিসে না গেলে কাজ জমে যায়। বেতন ও কর্মমূল্যায়নের বিষয়ও জড়িত থাকে। আমরা চাই, পরিস্থিতি শান্ত থাকুক এবং সবাই নিরাপদে কর্মস্থলে যাতায়াত করতে পারুক। সাধারণ মানুষের জীবন-জীবিকা নিয়ে যেন কোনো টানাপোড়েন তৈরি না হয়। এক দিন অফিস বন্ধ থাকলেও অনেকের জন্য সেটি বড় সমস্যা।

রাজধানীর বিভিন্ন রুটে বাস চলাচল অব্যাহত থাকায় স্বাভাবিকভাবেই কর্মস্থলে যেতে পেরেছেন যাত্রীরা। পাশাপাশি রাইড শেয়ারিং মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশার চলাচলও ছিল স্বাভাবিক।

এক বাসযাত্রী তুহিন বলেন, প্রতিদিন যেভাবে যাতায়াত করি, আজও সেভাবেই যাচ্ছি। রাস্তাঘাটে বিশেষ কোনো পরিবর্তন চোখে পড়েনি।

এদিকে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও স্বাভাবিক পরিবেশ দেখা গেছে। সকাল থেকেই অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যেতে দেখা যায়। কোথাও স্কুলবাস, কোথাও ব্যক্তিগত গাড়ি, আবার কোথাও রিকশা কিংবা হেঁটে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছেছে। অনেক অভিভাবক সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে নিজ নিজ কর্মস্থলে গেছেন।

সব মিলিয়ে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির দিনেও রাজধানীর স্বাভাবিক কর্মচাঞ্চল্যে কোনো দৃশ্যমান ছেদ পড়েনি। গণপরিবহন থেকে শুরু করে অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান—সবখানেই ছিল নিয়মিত কার্যক্রম।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪