চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে ইয়াবা সেবন করে মাতলামি করার অভিযোগে মহসিন ভূঁইয়া (৪৮) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ৪ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে চাঁদপুর শহরের যমুনা রোডের ক্লাবের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মহসিন ভূঁইয়া চাঁদপুর সদর উপজেলার মধ্য তরপুরচণ্ডী এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আলেক ভূঁইয়া এবং মাতার নাম মৃত হাসিনা বেগম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় ও চাঁদপুর জেলা প্রশাসনের পরিচালিত অভিযানে ইয়াবা সেবন করে মাতলামি অবস্থায় তাঁকে আটক করা হয়। এ সময় ইয়াবা সেবনের সরঞ্জামাদিও পাওয়া যায়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মহসিন ভূঁইয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান।
রিপোর্টার্স২৪/ধ্রুব