বগুড়া প্রতিনিধি: বগুড়ায় হাতে বার্মিজ চাকু নিয়ে টিকটক ভিডিও এবং পিস্তলের ছবি ফেসবুকে পোস্ট করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার দুজন হলেন এরিন আহম্মেদ সুইট (১৯) ও তাঁর সহযোগী মিরাজুল ইসলাম (১৯)। তারা শাজাহানপুর উপজেলার ফুলকোর্ট মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। সোমবার (১২ অক্টোবর) ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে রোববার রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোর্ট গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় সুইটের হেফাজত থেকে একটি বার্মিজ চাকু ও মটরসাইকেল জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, কয়েক দিন আগে গ্রামের একটি সড়কের সেতুর রেলিংয়ে বসে হাতে বার্মিজ চাকু নিয়ে টিকটক ভিডিও তৈরি করেন সুইট। পরে সেটি নিজের ফেসবুক আইডিতে আপলোড করেন। এ ছাড়া পিস্তলের ছবি ব্যবহার করে একটি ভিডিও পোস্ট করেন তিনি। এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
এ ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন সুইট। রোববার সন্ধ্যার পর তিনি বাড়িতে ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় সুইট তাঁর সহযোগীকে নিয়ে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের আটক করে। এঘটনায় ডিবি’র এসআই ফজলুল হক বাদী হয়ে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। ডিবির ইনচার্জ জানান,অনুসন্ধান করে দেখা গেছে পিস্তলের ছবিটি অনলাইন থেকে সংগ্রহ করে ফেসবুকে পোস্ট করা হয়েছিল।
রিপোর্টার্স২৪/ঝুম