নড়াইল প্রতিনিধি: নড়াইলে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় পানীয় ‘এস্কাফ’ জব্দ করেছে নড়াইল সদর থানা পুলিশ। এ ঘটনায় মো. ইমরান হোসেন (২৯) নামের এক যুবককে আটক করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে ঢাকা-নড়াইল-যশোর মহাসড়কের মালিবাগ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. ইমরান হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাদেডিহী গ্রামের শফিউল্লাহর ছেলে।
পুলিশ জানায়, সদর উপজেলার ঢাকা-নড়াইল-যশোর মহাসড়কের মালিবাগ মোড় এলাকায় চেকপোস্ট বসায় সদর থানা পুলিশ। পরে একটি প্রাইভেট কার নড়াইল থেকে ঢাকার দিকে যাওর সময় গতিরোধ করে পুলিশ৷ এ সময় প্রাইভেট কারটি দাঁড় করিয়ে তল্লাশি করা হয়। এরপর গাড়ির পিছনে থাকা ডিকিতে প্লাস্টিকের বস্তার ভিতর রাখা ৫০ বোতল ‘এস্কাফ’ উদ্ধার করে পুলিশ এবং ঘটনাস্থল থেকে মো. ইমরান হোসেন আটক করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির কাছ থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে।
নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু বলেন, মালিবাগ এলাকায় পুলিশ চেকপোস্টে গাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ‘এস্কাফ’ জব্দ করা হয়েছে। সেই সঙ্গে ইমরান নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব