| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি ব্যর্থ হলে আরেকটি এক-এগারো সৃষ্টি হবে: রাশেদ খান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৬ ইং | ২৩:০৮:২০:অপরাহ্ন  |  ৬৮৩ বার পঠিত
বিএনপি ব্যর্থ হলে আরেকটি এক-এগারো সৃষ্টি হবে: রাশেদ খান

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হলে দেশে আরেকটি এক-এগারোর মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। একই সঙ্গে রাষ্ট্র পুনর্গঠনে সরকারকে সহযোগিতা করতে বিরোধী দল জামায়াতে ইসলামীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জামায়াতে ইসলামীর উদ্দেশে রাশেদ খান বলেন, ‘বিএনপি যদি ব্যর্থ হয়, তাহলে আরেকটি এক-এগারো সৃষ্টি হবে। আরেকটি এক-এগারো সৃষ্টি হলে আপনারা ক্ষমতায় আসবেন, সেই স্বপ্ন দেইখেন না।’

তিনি বলেন, ‘আমি দৃঢ় বিশ্বাস করি, আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনায় সফল হবেন এবং দেশের জনগণ তাঁর পাশে থাকবে। বিরোধী দল জামায়াতে ইসলামীকে বলব, রাষ্ট্র পুনর্গঠনে বিএনপি সরকারকে সহযোগিতা করুন।’

নির্বাচনের আগে ও পরে রাজনৈতিক দলগুলোর অবস্থানের সমালোচনা করে রাশেদ খান বলেন, ‘নির্বাচনের আগে যে দল বলেছিল, আরে ধুর, তোর ফ্যামিলি কার্ড, সেই দলের নেতাকর্মীরাই এখন ফ্যামিলি কার্ডের জন্য এলাকায় এলাকায় ছুটছে। আবার যারা বলেছিল সরকারে গেলে কোনো সুযোগ-সুবিধা নেবে না, তারাই এখন সংসদে দাঁড়িয়ে গাড়ি, অফিস ও প্লটসহ নানা সুবিধা চাইছে।’

বিএনপির নেতাকর্মীদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা সব সময় জনগণের পাশে রয়েছেন। দেশের মানুষের কল্যাণে দিনরাত পরিশ্রম করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাংলাদেশকে কেউ ব্যর্থ করতে পারবে না।

আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, ‘আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের লড়াই শুরু করেছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া এই লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারাবাহিকতায় দেশকে নেতৃত্ব দিচ্ছেন।’

দেশি-বিদেশি ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘বাংলাদেশকে নিয়ে চক্রান্ত হচ্ছে। দেশি-বিদেশি নানা চক্র গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনারা বুঝে বা না বুঝে সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিলে বাংলাদেশের জনগণ আপনাদের ক্ষমা করবে না।’

তিনি আরও বলেন, রাষ্ট্র পুনর্গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমান যে পরিকল্পনা হাতে নিয়েছেন, তা বাস্তবায়নে সরকারি ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করার বিকল্প নেই।

এর আগে দুপুরে রাশেদ খান সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরিফে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মাশফিকুর রহমান, জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪