| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভালুকায় শিক্ষকের ওপর হামলা, শিশু সন্তানকে অপহরণচেষ্টার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৬ ইং | ২২:৫৪:০৯:অপরাহ্ন  |  ৮৯১ বার পঠিত
ভালুকায় শিক্ষকের ওপর হামলা, শিশু সন্তানকে অপহরণচেষ্টার অভিযোগ

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় এক স্কুলশিক্ষকের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করার পাশাপাশি তাঁর আট বছর বয়সী মেয়েকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষকের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার ভরাডোবা কাঁচাবাজার এলাকায় নিশিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাক আহম্মেদ খানের আট বছর বয়সী মেয়ে মিসরাত খানম নেন্সি এবং একই এলাকার পারভীন আক্তারের ছেলে রুহানের মধ্যে খেলাধুলা নিয়ে ঝগড়া হয়। এ সময় মোস্তাক আহম্মেদ ঝগড়া থামাতে গেলে মো. রেদুয়ান (২০) তাঁকে অকথ্য ভাষায় গালাগাল ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এরপর শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে মেয়ের প্রাইভেট পড়া শেষে তাকে নিয়ে বাড়ি ফেরার পথে ভরাডোবা হাইস্কুল সড়কের কাঁচাবাজার এলাকায় পৌঁছালে একদল ব্যক্তি মোস্তাক আহম্মেদের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা লোহার রড ও লাঠি দিয়ে তাঁকে মারধর করেন। এতে তাঁর কানের পর্দা ফেটে যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় শাকিল (২৫) তাঁর বুকের ওপর উঠে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরেন। একপর্যায়ে মোস্তাক আহম্মেদ হাত দিয়ে শাকিলের হাত সরিয়ে নিজেকে রক্ষা করতে সক্ষম হন।

এ সময় হামলাকারীরা মোস্তাক আহম্মেদের শিশু কন্যা নেন্সিকে একটি অজ্ঞাতনামা গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করেন বলেও অভিযোগ করা হয়েছে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোস্তাক আহম্মেদকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় মোস্তাক আহম্মেদের স্ত্রী নিরান আক্তার বাদী হয়ে শাকিল আহমেদ (২৫), মো. রেদুয়ান (২০), পারভীন আক্তার (৪২) ও মো. রোমান (২৮)-এর নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, “ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। মামলা রুজু ও আসামিদের গ্রেপ্তারের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪