কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ির দানবাক্স খোলা হযেছে।সেখান থেকে ছয় লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া গেছে। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আখড়াবাড়ির মাজারের ভেতরে ও বারান্দার দুটি সিন্দুক খুলে এ টাকা পাওয়া যায়।
কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার জানান, বছরে দুইবার লালন আখড়াবাড়ির এ দুটি দানবাক্স খোলা হয়। প্রথমবার অক্টোবর মাসে এবং দ্বিতীয়বার লালন তিরোধান দিবসের পর। এখন থেকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে দানবাক্স খোলা হবে।তিনি আরও জানান, গতবারের তুলনায় এবার দানবাক্সে বেশি টাকা পাওয়া গেছে। টাকা গণনা শেষে প্রশাসনের পক্ষ থেকে তা বুঝে নেওয়া হয়েছে। রবিবার এসব টাকা লালন অ্যাকাডেমির তহবিলে জমা দেওয়া হবে।
এর আগে, গত বছরের অক্টোবরে দানবাক্স খুলে চার লাখ ৯২ হাজার ২৬৪ টাকা পাওয়া যায়। পরে লালন স্মরণোৎসবের পর দানবাক্স খুলে পাওয়া যায় ৯ লাখ ২২ হাজার ২৪২ টাকা।
এবারই প্রথম সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে দানবাক্স খোলা ও টাকা গণনার পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে স্থানীয় প্রশাসন ও লালন একাডেমি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে দানবাক্স খোলা হলেও গণমাধ্যমকর্মীদের সামনে পুরো প্রক্রিয়া পরিচালনা করা হত না। ভক্তদের দেওয়া মানত ও দানের টাকা গণনা শেষে লালন একাডেমির নির্ধারিত তহবিলে জমা রাখা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও লালন স্মরণোৎসবের অর্থ উপকমিটির আহ্বায়ক জাকির হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত, কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও লালন অ্যাকাডেমির সদস্যরা।
রিপোর্টার্স২৪/ঝুম