বগুড়া প্রতিনিধি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনের উন্নয়ন তৎপরতা দেখে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নন্দীগ্রামের যুবদল নেতা আব্দুর রউফ রুবেল। তিনি বলেন, আমি নিজেও সাইবার বুলিং থেকে রেহাই পাইনি। কেউ ভালো কাজ করলে তাঁরই সম্মানহানি করা হয়। একটি গোষ্ঠী ফেসবুকে অপতৎপরতা চালাচ্ছে। বগুড়ার প্রতিমন্ত্রী-এমপি কেউই গুজব থেকে রেহাই পাচ্ছে না। প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে লাগাতার সাইবার বুলিং ও ট্যাগিং করা হচ্ছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বগুড়ার নন্দীগ্রামে কনটেন্ট ক্রিয়েটর সমাবেশে গুজব গোষ্ঠীর অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বক্তারা। প্রধান অতিথি ছিলেন নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও উপজেলা যুবদলের সংগঠক আব্দুর রউফ রুবেল। তিনি ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো ধরনের উদ্দেশ্যপ্রণোদিত বিষয়, ভুল তথ্য বা গুজব প্রতিরোধে সোচ্চার এবং সজাগ থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার সন্তান। আমাদের জেলা দীর্ঘ বঞ্চনার শিকার ছিল। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দৃশ্যমান উন্নয়নের চিত্র তুলে ধরুন। অবশ্যই অন্যায়, অপরাধ এবং দুর্নীতির বিরুদ্ধে বলবেন। মিথ্যা অপবাদ দিয়ে ভালো কাজের আগ্রহ নষ্ট করবেন না।
গুজব প্রতিরোধে কনটেন্ট ক্রিয়েটরদের মানোন্নয়ন, শৃঙ্খলা, ঐক্যবদ্ধ রাখা, সামাজিক দায়বদ্ধতা, মানবিক কার্যক্রম, সচেতনতা বাড়ানো এবং সরকারের উন্নয়ন তুলে ধরার লক্ষ্যে কনটেন্ট ক্রিয়েটর মিলনমেলা আয়োজন করা হয়। নন্দীগ্রাম শহরের পল্লী কুঠির রেস্টুরেন্টে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে কার্যক্রম শুরু করে। সভাপতিত্ব করেন সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর মশিউর রহমান মানিক। সমাবেশে জেলা-উপজেলার ৫ শতাধিক নেটিজন অংশগ্রহণ করে। একইদিন মুনসুর হোসেন ডিগ্রি কলেজ ও বিভিন্ন সড়কের পাশে বৃক্ষরোপণ করে অরাজনৈতিক সংগঠন পাঠকবন্ধু।
রিপোর্টার্স২৪/ধ্রুব