| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাজারে ডিম-মুরগির দাম কিছুটা কমেছে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৬ ইং | ১১:০৪:৫৬:পূর্বাহ্ন  |  ২৭৬ বার পঠিত
বাজারে ডিম-মুরগির দাম কিছুটা কমেছে

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর বাজারে ডিম ও মুরগির দাম কিছুটা কমেছে। সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে সর্বোচ্চ ১০ টাকা কমে ১৫০ টাকায় নেমেছে। একই সঙ্গে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে বিভিন্ন ধরনের মুরগির দাম। এতে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে।

তবে নিত্যপণ্যের বাজারে পুরোপুরি স্বস্তি নেই। বেশ কিছু সবজির দাম কিছুটা কমলেও সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে টমেটোর দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ থেকে ৬০ টাকা বেড়ে টমেটো বিক্রি হচ্ছে ২০০ টাকায়। পাশাপাশি পেঁয়াজ ও রসুনের দামও কিছুটা বেড়েছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাড্ডা, মহাখালী কাঁচাবাজার ও জোয়ারসাহারা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা যায়, পটোল, ধুন্দল ও ঢেঁড়সের কেজি ৬০ টাকা, করলা ৮০ টাকা, ঝিঙা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, শসা ৬০ থেকে ৮০ টাকা, মিষ্টিকুমড়া ৬০ টাকা, মুলা ৫০ থেকে ৬০ টাকা, কচুমুখি ৬০ টাকা এবং পেঁপে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে কিছু সবজির দাম এখনো তুলনামূলকভাবে বেশি। বাজারে টমেটোর কেজি ২০০ টাকা, শিম ১৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা এবং গাজর ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। জাতভেদে বেগুনের দাম কেজিতে ৮০ থেকে ১২০ টাকা।

রাজধানীর বাড্ডা কাঁচাবাজারের ক্রেতা হাবিবুর রহমান বলেন, গত সপ্তাহে ১৪০ টাকা দিয়ে যে টমেটো কিনেছি, সেটি এখন ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানির অজুহাত দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে টমেটোর দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে রাজধানীর জোয়ারসাহারা বাজারের সবজি বিক্রেতা মো. সবুজ বলেন, ‘বাজারে গত কয়েক সপ্তাহের তুলনায় এখন সবজির দাম কিছুটা কম। এর মধ্যে শীতকালীন আগাম সবজি শিম, ফুলকপি ও বাঁধাকপি বাজারে চলে এসেছে। এতে সবজির দাম আরও কমতে পারে।’

তবে সরবরাহ সংকটের কারণে টমেটোর দাম বাড়তি বলে জানান তিনি। সবুজ বলেন, ‘ভালোমানের টমেটো প্রতি কেজি ২০০ টাকার নিচে বিক্রি করা যাচ্ছে না।’

মুরগির বাজারে কয়েক দিনের ব্যবধানে দাম কিছুটা কমেছে। বর্তমানে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। জাতভেদে সোনালি মুরগির দাম কেজিতে ৩০০ থেকে ৩৩০ টাকা।

বাজারসংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভাষ্য, কয়েক দিন আগের তুলনায় মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। সরবরাহ বাড়ায় দাম কমেছে বলে জানান তারা। ডিমের বাজারেও কিছুটা স্বস্তি ফিরেছে। ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। সপ্তাহের ব্যবধানে ডজনপ্রতি দাম কমেছে সর্বোচ্চ ১০ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে ডিম ও মুরগির সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। তবে দাম আরও কমবে কি না, তা সরবরাহ ও বাজারের চাহিদার ওপর নির্ভর করছে।

ডিম ও মুরগির বাজারে দাম কমলেও পেঁয়াজ ও রসুনের বাজারে দেখা গেছে উল্টো চিত্র। পেঁয়াজের দাম কেজিতে প্রায় পাঁচ টাকা বেড়ে বর্তমানে ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

দেশি রসুনের কেজি ১২০ থেকে ১৩০ টাকা। আর আমদানিকৃত রসুন বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে। কয়েক দিনের ব্যবধানে রসুনের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

রাজধানীর জোয়ারসাহারা বাজারের মুদি ব্যবসায়ী মো. নজরুল ইসলাম বলেন, ‘পেঁয়াজ ও রসুনের দাম কিছুটা বাড়তি। অন্যান্য নিত্যপণ্যের দাম স্বাভাবিক রয়েছে।’

সব মিলিয়ে রাজধানীর বাজারে ডিম ও মুরগির দাম কমায় কিছুটা স্বস্তি মিললেও টমেটো, পেঁয়াজ ও রসুনের বাড়তি দাম ক্রেতাদের ভোগান্তি বাড়াচ্ছে। সবজির বাজারে কিছু পণ্যের দাম কমলেও উচ্চমূল্যের কারণে অনেক ক্রেতাকেই হিসাব করে বাজার করতে হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪