নড়াইল প্রতিনিধি: নড়াইলের নড়াগাতী থানার দেবদুন গ্রামে পূর্ব শত্রুতার জের এবং মাদক কেনা-বেচার দ্বন্দ্বে নুর আরাফাত মোল্যা নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নুর আরাফাত মোল্যা দেবদুন গ্রামের মোকিদুল মোল্লার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে নুর আরাফাতকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় পরিবারের নারী সদস্যরা নুর আরাফাতকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা তাদের ওপরও হামলা চালায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নুর আরাফাতকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস নিশাত তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
এ বিষয়ে নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী বলেন, নিহত নুর আরাফাতের সাথে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের জমি জমা ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে ঝামেলা চলছিল। উক্ত ঝামেলার জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের নামে ১০ টির অধিক মামলা রয়েছে যার মধ্যেও অস্ত্র, ডাকাতি ও মাদক উল্লেখযোগ্য। এছাড়াও নিহত নামে ছয়টি ওয়ারেন্ট রয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব