ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও ময়মনসিংহের ভালুকা উপজেলার ৭ নম্বর মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নির্মিত হয়নি। বর্তমানে ভাড়া করা ভবনে চলছে পরিষদের কার্যক্রম।
তবে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি পরিষদের জন্য জমি কেনা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেলে ভবন নির্মাণের জন্য ক্রয় করা ওই জমি পরিদর্শন করেছেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার ভারপ্রাপ্ত উপপরিচালক উম্মে হাবীবা মীরা।
জমি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল হক পাঠান, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল হক পাঠান বলেন, দীর্ঘদিনের প্রয়োজন বিবেচনায় পরিষদের নিজস্ব জমি কেনা হয়েছে। এখন ভবন নির্মাণের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
স্থানীয়রা আশা করছেন, নিজস্ব জমিতে আধুনিক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ হলে মল্লিকবাড়ী ইউনিয়নের বাসিন্দারা আরও উন্নত ও নাগরিকবান্ধব সেবা পাবেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব