কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সীমান্তে আলাদা দুটি অভিযান পরিচালনা করে ভারতীয় মদ ও মোটরসাইকেলসহ তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। একই সঙ্গে সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় তিন কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে।আটক ব্যক্তিরা হলেন- দৌলতপুর উপজেলার বোদ্ধনাতলা গ্রামের মুক্তার হোসেনের ছেলে মো. খালেকুল সাইফুল (১৭), চরদিয়া গ্রামের ফেরদৌস আলমের ছেলে মো. আব্দুল আলিম (১৭) এবং একই গ্রামের নিয়াজ উদ্দিনের ছেলে মো. জান্নাত ইসলাম (১৬)।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৭ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে দৌলতপুর উপজেলার পাকুড়িয়া পাকা সড়কে অভিযান চালায় জামালপুর বিওপির একটি টহল দল। এ সময় ভারতীয় দুই বোতল মদ ও একটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়।জব্দ করা মদ ও মোটরসাইকেলের সিজার মূল্য প্রায় ৮৩ হাজার টাকা।
অন্যদিকে, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ধলা বিওপির অপর একটি টহল দল ধলা মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ কেজি ৯০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১০ হাজার ১৫০ টাকা।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে এবং জব্দ করা মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ বিষয়ে কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব