| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসার ভাঙলো প্রীতম-শেহতাজের

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৪, ২০২৬ ইং | ২৩:৪৩:৫১:অপরাহ্ন  |  ৪০৪ বার পঠিত
সংসার ভাঙলো প্রীতম-শেহতাজের

স্টাফ রিপোর্টার: গায়ক, অভিনেতা ও সংগীত পরিচালক প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেমের দাম্পত্য জীবনের ইতি ঘটছে। পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন শেহতাজ ও প্রীতম। সেখানে তারা বলেন, দুজনে পারস্পরিকভাবে এবং সৌহার্দ্যপূর্ণভাবে তাদের ১০ বছরের সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন।

তারা লেখেন, ‘একসঙ্গে কাটানো সময় ও স্মৃতিগুলোর জন্য আমরা কৃতজ্ঞ। এখনো একে অপরের প্রতি আমাদের শ্রদ্ধা ও যত্ন রয়েছে। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি, পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা পথেই আমাদের দুজনের জন্য ভালো থাকা সম্ভব।’

তারা আরও জানান, অনেক ভেবেচিন্তেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবারের সমর্থন নিয়ে তারা এখন বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছেন।

পোস্টের শেষাংশে তারা বলেন, ‘এই পরিবর্তনের সময়টিতে আমাদের পরবর্তী অধ্যায়টি যেন নিজেদের মতো করে সামলাতে পারি, সে জন্য বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের কাছে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা ও বিষয়টির প্রতি সংবেদনশীলতা বজায় রাখার অনুরোধ করছি।’

প্রীতম ও শেহতাজের সম্পর্কের শুরু সংগীতের সূত্র ধরেই। প্রীতমের গাওয়া ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন শেহতাজ। ওই গানের শুটিংয়ের সময় দুজনের মধ্যে ভালো লাগা তৈরি হয়। পরে তা প্রেমের সম্পর্কে গড়ায়।

দীর্ঘদিন প্রেমের পর ২০২২ সালের ২৮ অক্টোবর শ্রীমঙ্গলের একটি পাঁচতারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এবার সেই সম্পর্কেই পড়ল বিচ্ছেদের ইতি। তবে শেহতাজের বক্তব্য অনুযায়ী, কোনো বিরোধ বা অভিযোগ নয়, পারস্পরিক বোঝাপড়ার অভাব থেকেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

উল্লেখ্য, প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম হাসান। একাধিক একক গান ও সংগীতায়োজনের পাশাপাশি চলচ্চিত্রের গানেও সুর করেছেন তিনি। এছাড়া বেশ কিছু চলচ্চিত্রে গান করেছেন এই শিল্পী। নিজেও নাম লিখিয়েছিলেন অভিনয়ে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪