নরসিংদী প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, নদী দূষণ রোধে সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যেসব শিল্পপ্রতিষ্ঠানে এখনো বর্জ্য পরিশোধনের জন্য ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানকে দ্রুত ইটিপির আওতায় আনা হবে। একই সঙ্গে নদী দূষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, শিল্পকারখানার বর্জ্য সরাসরি নদীতে ফেলার কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। নদী ও পরিবেশ রক্ষায় শিল্পমালিকদের আরও দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও দূষণকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ সময় নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টু (সিআইপি), নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এদিকে সকাল ৯টা থেকে মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে মোট ভোটার ২ হাজার ৩২ জন। এর মধ্যে ১ নম্বর জোনে ১ হাজার ৩৪২ জন ভোটারের বিপরীতে প্রার্থী হয়েছেন ৩১ জন। ২ নম্বর জোনে ২৯০ ভোটারের বিপরীতে ৪ জন, ৩ নম্বর জোনে ৫২ ভোটারের বিপরীতে ২ জন এবং ৪ নম্বর জোনে ৩৪৫ ভোটারের বিপরীতে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চারটি জোনে মোট প্রার্থী ৩৯ জন।
নির্বাচনে ১ নম্বর জোন থেকে ১১ জন, ২ নম্বর জোন থেকে ২ জন, ৩ নম্বর জোন থেকে ১ জন এবং ৪ নম্বর জোন থেকে ১ জনসহ মোট ১৫ জন প্রার্থী বিজয়ী হবেন। নির্বাচিতদের মধ্য থেকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।
রিপোর্টার্স২৪/রাফিদ